অপহরণের এক মাস, আজও উদ্ধার হয়নি মাধবপুরের স্কুলছাত্রী
হবিগঞ্জের মাধবপুরে অপহরণের এক মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার ও মেয়েকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তার বাবা নূর আলী।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য, গত ১৭ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে উপজেলার বানেশ্বর গ্রামের কবরস্থানের পাশ থেকে ভুক্তভোগীকে একটি সংঘবদ্ধ চক্র গাড়িতে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর নূর আলী মাধবপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে আদালতে নারী নির্যাতন ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙা গ্রামের এলাম মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া, শাহ আলম মিয়ার ছেলে শুভ মিয়া, মৃত আরজু মিয়ার ছেলে এলাম মিয়া এবং মৃত নূর ইসলামের ছেলে শাহ আলম মিয়াকে আসামি করা হয়েছে। বাদী মামলার এজাহারে অভিযোগ করেন, আসামিরা তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করেছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
ভুক্তভোগীর বাবা নূর আলী বলেন, ‘আমার মেয়েকে অপহরণের এক মাস পেরিয়ে গেলেও এখনও খুঁজে পাচ্ছি না। আমার মেয়ে বেঁচে আছে কিনা, অন্তত সেই খবরটুকু জানতে চাই।’ তিনি মেয়েকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান।
অভিযোগ প্রসঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও আসামিদের কারও বক্তব্য পাওয়া যায়নি। আত্মগোপনে থাকা আসামিদের ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মৃদুল হাসান তরফদার বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর অবস্থান জানা গেছে। শিগগিরই তাকে উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।



