ওমানে ১৬ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক রিফাত, প্রবাসীদের সাহায্য চাইলেন পরিবার
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ছয় বছর আগে ওমানে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাটের যুবক খলিলুর রহমান রিফাত (২৭)। দেশটির রাজধানী মাসকাটের একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। নিয়মিত মায়ের সঙ্গে ফোনে কথা বলতেন। কিন্তু গত ১৬ দিন ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। মোবাইল ফোন বন্ধ, কর্মস্থলেও যাচ্ছেন না তিনি। সন্তানের সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।
রিফাত চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের বাসিন্দা আজিজুল হকের দ্বিতীয় সন্তান। পরিবারের ভাষ্য অনুযায়ী, ১৬ দিন আগে মায়ের সঙ্গে সর্বশেষ কথা হয় তাঁর। তখন নিজের ভালো থাকার কথা জানিয়েছিলেন। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
প্রথমে পরিবারের সদস্যরা ভেবেছিলেন, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না। কিন্তু একের পর এক দিন পেরিয়ে গেলেও রিফাতের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। পরে ওমানে থাকা তাঁর সহকর্মী, রুমমেট ও পরিচিত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করেন স্বজনেরা। তাঁরাও রিফাতের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।
পরিবারের দাবি, রিফাত তাঁর কর্মস্থল রেস্টুরেন্টেও যাচ্ছেন না। মাসকাটে রেস্টুরেন্টটির বিদেশি মালিকের সঙ্গে যোগাযোগ করা হলেও রিফাতের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এদিকে ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় চুনারুঘাটের কালিশীরি গ্রামের বাড়িতে উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। সন্তানের চিন্তায় বারবার অসুস্থ হয়ে পড়ছেন মা সাফিয়া আক্তার। ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন বাবা আজিজুল হক।
ছেলের সন্ধান চেয়ে সাফিয়া আক্তার বলেন, আমার ছেলে প্রতিদিন আমাকে ফোন দিত। ১৬ দিন ধরে আমার বুকটা খালি। আমার ছেলে বেঁচে আছে কি না, তাও জানি না। আমার ছেলেকে খুঁজে পেতে আমি সরকার ও প্রবাসী ভাইদের সাহায্য চাই।



