গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁর মরদেহ বাংলাদেশে এনে উদ্ধার করে পুলিশ।
নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে মিনহাজ উদ্দিন সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় অবস্থানরত ভারতীয় খাসিয়ারা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, মিনহাজ উদ্দিন সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য এনে দেশে বিক্রি করতেন। তবে ঘটনার সময় তিনি কী উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে যান। পরে বিষয়টি পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মিনহাজ উদ্দিন ভারতের সীমান্তের প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। সেখানে চুরি বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে যাওয়ার সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে তিনি আহত হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তাঁকে বাংলাদেশে নিয়ে আসা হলেও হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।



