আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ

জন্মের পর অশান্ত আমাকে শাল দুধ মুখে দিয়ে শান্ত করা ব্যাক্তি আমার মা।

MATI PROTIDINMay 10, 2026
শেয়ার করুন:

নূর আলম সিদ্দিকী রাসেল, ব্রিটিশ বাংলাদেশী আইনজীবি

 

প্রথম তিন বোনের পর আমার জন্ম। সে সময়কার বাংলাদেশের কতিপয় মানুষের চিন্তা ও দর্শন বড় অদ্ভুত ছিল। বংশের মুখ আলো করে ছেলে জন্মাবে এই ছিল প্রত্যাশা। দাদী-নানীরা ডিম্বাণু শুক্রাণুর জীববিদ্যা বুঝতেন না, কেবল একজন পুত্র সন্তান চাইতেন। বংশের মুখ নাকি আলো করবে ছেলে তাই একটি পুত্র সন্তান ছিল তাঁদের আরাধনা, প্রার্থনা।

প্রথম মেয়ের পর দ্বিতীয় মেয়ে তারপর তৃতীয় মেয়ে। আমার সেজো বোন হবার পর তাই রাগ করে অনেকে দেখতেই আসেন নি। আর আমার মায়ের উপর রাগ, সেটাতো ছিলই, মেয়ে জন্ম দেয়ার সব দোষ যেন আমার মায়ের!

আমার জন্মের সংবাদ তাই পরিবারে আনন্দের দোলা দিয়ে গেল। আমার জন্ম ইংরেজি ১৯৮৬ সালের ৩১শে অক্টোবর, ১৪ই কার্তিক ১৩৯৩ বঙ্গাব্দ রোজ শুক্রবার ফজরের আজানের সময়। মায়ের মুখে শুনেছি সারারাত আমার গর্ভধারিণী মা প্রসব ব্যথায় কষ্ট করেছেন ঠিক ফজরের আজানের মুহূর্তে আমি আমার মাকে রক্তের সাগরে ভাসিয়ে পৃথিবীর আলো দেখেছি। মা আমাকে বুকে জড়িয়ে ধরে সব ব্যথা ভুলে গিয়েছেন।

জন্মের পর আত্মীয় স্বজনদের ঢল লেগে গেল আমাকে এক নজর দেখবার জন্য। আমাকে দেখবার মুহূর্তে দাদা দাদী, নানা কেউ বেঁচে ছিলেন না। মুরুব্বীদের মধ্যে শুধু আমার নানীজান বেঁচে ছিলেন। আমার মা নানীজানের ছোট মেয়ে ছিলেন। তিন নাতনীর পর নাতীর মুখ দেখে নানীজান পরম করুণাময়ের কাছে দুহাত তুলে বলেছিলেন উনার চুল পাকতে যত বছর লেগেছে আল্লাহপাক যেন কম করে হলেও আমাকে ততদিন হায়াত দেন। আমার জন্মের সময় বাবা মায়ের পাশে ছিলেন না। ব্যবসায়িক কাজে উনাকে চট্টগ্রাম যেতে হয়েছিল, পুত্র সন্তানের বাবা হওয়ায় উনি কি পরিমাণ খুশি হয়েছিলেন বুঝতেই পারছেন। বাবার কথা আরেকদিন বলব।

দিনের প্রথম প্রহরে জগৎ আলোকময় ক্ষণে জন্ম নিয়েছি বলে বাবা আমার নাম রেখেছেন নূর আলম অর্থ জগতের আলো। সিদ্দীকী আমাদের পারিবারিক নাম। আমার বড় মামা গরু জবাই করে আমার আকিকা দিলেন।

জন্মের পর যখন মা মা বলে কাঁদছিলাম মা আমাকে তাঁর শাল দুধ মুখে তুলে দিয়ে শান্ত করেছেন। আমার প্রথম গোসল আমার মা আমাকে নিজের হাতে করিয়েছেন। প্রথম আড়াই বছর মায়ের দুধ পান করার পরম সৌভাগ্য আমার হয়েছে। হাতে পায়ে তেল মেখে মা আমার হাত পা শক্ত করেছেন। প্রস্রাব পায়খানা করে হয়তো মাকে ভিজিয়ে দিয়েছি মা নিজে ভেজা জায়গায় থেকে আমাকে শুকনো জায়গায় রেখেছেন।

আমি মায়ের মুখ থেকে জীবনের প্রথম কথা বলতে শিখেছি। আমার নানাজান ছিলেন পেশায় শিক্ষক, মানুষ গড়ার কারিগর, আমার মায়ের শিক্ষাজীবনের হাতেখড়ি আমার নানার হাতে আর আমার শিক্ষাজীবনের হাতেখড়ি আমার মায়ের হাতে। বাবা ব্যবসা, রাজনীতি এসব নিয়ে সারাদিন বাইরে বাইরে থাকতেন। আমার ৪/৫ বছর বয়সে জীবনের প্রথম শিক্ষক আমার মা।

বৃশ্চিক রাশির জাতক হিসেবে ছোটবেলায় আমি খুব ডানপিটে ছিলাম। কোথাও কোন অপরাধ বা দুষ্টামি করলে সব দোষ আমার মায়ের উপর এসে পড়ত, মা-ই যেন আমাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছেন। আমার মা আমার হয়ে মানুষের কাছে ক্ষমা চাইতেন। মায়ের কাছেই শিখেছি কিভাবে পরম শত্রুকেও ক্ষমা করে বন্ধু বানানো যায়।

ছোটবেলায় একবার আমার খুব জ্বর হলো, মা নাওয়া খাওয়া ভুলে দিনরাত আমার মাথার পাশে বসে থাকতেন আর নীরবে কাঁদতেন। মায়ের চোখের পানি আমার মুখে এসে পড়ত জ্বরের ঘোরেও আমি বুঝতে পারতাম। আমার কাছে মধু মিশ্রিত এক মহৌষধ হলো আমার মা।

পৃথিবীর অনেক দেশে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, অনেক দেশের খাবারও খেয়েছি কিন্তু পৃথিবীর কোন খাবারই আমার মায়ের হাতের রান্নার চেয়ে আমার কাছে মধুর মনে হয়নি।

চোখ বন্ধ করেও গায়ের গন্ধে যাঁর পরিচয় বলে দিতে পারি তিনি আমার মা।

ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার সব কাপড় যিনি নিজের হাতে ধুয়ে নিজের হাতে আয়রন করে দেন তিনি আমার মা। ছোটবেলা থেকে আজ পর্যন্ত একটু রাত করে ঘরে ফিরলে যিনি না ঘুমিয়ে জেগে থাকেন তিনি আমার মা।

আমি আমার শিক্ষা জীবনের যতগুলো পরীক্ষা দিয়েছি পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মা জায়নামাজে বসে আমার জন্য দুহাত তুলে দোয়া করেছেন। জীবনের যতগুলো চাকুরীর ইন্টারভিউ দিতে গিয়েছি ইন্টারভিউর শুরু থেকে শেষ পর্যন্ত আমার মা পরম করুণাময়ের কুদরতের কদমে সিজদায় পড়ে আমার জন্য দোয়া করেছেন।

যেদিন আমি ব্রিটেনে প্রথম ব্যবসার কাজে হাত দিলাম মা আমার সফলতার জন্য এক সপ্তাহ নফল রোজা রাখলেন।

আমার এই ক্ষুদ্র জীবনে আল্লাহপাক আমাকে যে সম্পদ দিয়েছেন এবং হয়তোবা ভবিষ্যতে আরো অনেক সম্পদ দিবেন কিন্তু আমার জীবনের সেরা সম্পদ আমার মা।

ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার জীবনের সব সফলতায় যে মানুষটি সবচেয়ে বেশি খুশি হন তিনি আমার মা। সাত সমুদ্র তের নদীর ওপারে থেকেও যিনি আমার একটুখানি অসুস্থতার খবরে কেঁদে বুক ভাসান তিনি আমার মা।

আমার যে কোন সঙ্কটকালে কেবলই মনে হয় যদি সব কিছু ছেড়ে মায়ের স্নেহমাখা কোলে মুখ লুকাতে পারতাম, তবে পৃথিবীর কোন কষ্টই আমাকে স্পর্শ করতে পারত না।

আমার মা বেগম রোকেয়া সিদ্দীকী পেশায় একজন গৃহিণী। সারাজীবন রান্নাবান্না আর সন্তান লালন পালনে ব্যয় করেছেন। একমাত্র পুত্র সন্তান হিসাবে আমার কাছে উনার কোন চাওয়া নেই।

আমার মা জীবনে তাঁর ছেলেকেই চান। আমাকে একটু ধরে রাখাতে, আমার মাথায় একটু হাত বোলানোতে, আমাকে একটু জড়িয়ে ধরাতেই, একটু ছুঁয়ে দেখাতেই মায়ের সব আনন্দ। ঘুম থেকে উঠে সবার আগে মাকে ফোন করে মায়ের গলার স্বর শুনলে মনে হয় সারাদিনের কর্মব্যস্ত দিনে আমি মায়ের ছোঁয়া পাই। প্রযুক্তির কল্যাণে মায়ের সাথে প্রায়ই ভিডিও কলে সরাসরি কথা হয়, বুঝতে পারি মায়ের মন ভরে না।

মাকে বলি মা মাগো ওমা আমায় ছুঁতে না পারার দুঃখে তোমার যখন খুব মন খারাপ হবে তখন আকাশের পানে চেয়ে থেকো মা, তোমার আর আমারতো একটাই আকাশ।

আমি আমার যে কোনো অর্জন, যে কোনো গৌরবে, যে কোন বিশেষ দিন অথবা বিশেষ ক্ষণে আমার মা ছাড়া আর কারো কথা মনে করতে পারি না। আমার সব সুখ দুঃখের সাথী আমার মা। আমার সব অপবাদের, অগৌরবের ভার নিভৃতে ধারণকারী আমার মা, রান্না ঘরের হলুদ মরিচের আমার মা, রসুন আর আদার গন্ধ গায়ে লেগে থাকা আমার মা।

এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমার মা।

এই লিটমাস পেপারের মত যিনি সমস্ত অপবাদ চুষে নিয়ে আমার বুকে, আমার হৃদয়ে আঠার মত লেগে আছেন তিনি আমার মা। আমার বেঁচে থাকা, আমার ভালো থাকা, আমার আনন্দ, আমার সকল চিন্তা, দর্শন সকল কিছু আমার মা’র।

তিনি আমাকে চিন্তা করতে শিখিয়েছেন, তিনি আমাকে আস্তে আস্তে গড়ে তুলেছেন।

মা এমন একটি শব্দ যার প্রথম অক্ষর ম দিয়ে। ম তে মসজিদ, মন্দির, মক্কা, মদীনা। আমার মা আমার মসজিদ, মন্দির, মক্কা, মদীনা সবই।

আমি বেহেশত দেখিনি আমি আমার মাকে দেখেছি। আমার মা আমার বেহেশত, আমার পৃথিবী।

বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে আজ মা দিবস পালিত হচ্ছে।

মা ছোট্ট একটি শব্দ হলেও এর ভালবাসার বিশালতা সীমাহীন। পৃথিবীর সবচেয়ে অনুভূতি নিংড়ানো মধুর শব্দ ‘মা’। যে শব্দে প্রশান্তি, ভালোবাসা ও আকুল আবেগ জড়ানো।

মা শব্দটি নিজেই একটি অসমাপ্ত গল্প, শ্রেষ্ঠ কবিতা, সময়ের সেরা উপন্যাস।

মা শব্দটি অত্যন্ত স্পর্শকাতর, মাকে নিয়ে লেখার মতো সেরকম শক্তি ও মনোবল আমার নেই। যা মনে এসেছে তাই লিখেছি, কোনোটাই গুছানো নয়।

যাদের মা জীবিত আছেন তাদের কাছে একটাই অনুরোধ মাকে ভালবাসুন, দেখবেন পুরো পৃথিবী আপনাকে ভালবাসবে। মাকে সম্মান করুন, পুরো দুনিয়ার সবাই আপনাকে সম্মান করবে। মায়ের সাথে সবসময় ভালো ব্যবহার করুন আপনার সন্তানরা আপনার সাথে ভালো ব্যবহার করবে। নিজের জন্মদিনে মায়ের জন্য বিশেষ উপহার কিনে দেন, মাকে নিয়ে বাইরে খেতে যান অথবা মায়ের জন্য ভালো খাবার নিয়ে আসুন। মা অসুস্থ হলে মায়ের চিকিৎসা করান। জন্ম থেকে আজ অবধি মায়ের সব অবদানের জন্য মাকে ধন্যবাদ দিন। জন্ম থেকে আজ অবধি মায়ের সাথে কোন বেয়াদবি করলে মায়ের পা জড়িয়ে ক্ষমা চেয়ে নিন। মা আপনাকে ক্ষমা না করলে আল্লাহও আপনাকে ক্ষমা করবেন না।

মায়ের সাথে সবসময় নিচু গলায় মাথা নিচু করে কথা বলুন।

আপনার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন না। মনে রাখবেন মা একবার দুনিয়া থেকে চলে গেলে কোনকিছুর বিনিময়ে তাঁকে আর ফিরিয়ে আনতে পারবেন না। আমি পবিত্র কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থসহ অসংখ্যবার পড়ে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝতে পেরেছি তা হলো আল্লাহপাক কুরআন শরীফে অন্য কোন ব্যাপারে এত বিস্তারিত বলেননি যতটুকু মা বাবার হকের ব্যাপারে, মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে তাঁদের রাজি খুশি করাতে হবে, কিভাবে তাঁদের খেদমত করতে হবে এমনকি মৃত্যুর পর মা বাবার জন্য কি বলে দোয়া করতে হবে এসব ব্যাপারে বলেছেন। মা যদি একবার খুশি মনে খাস দিলে আপনার জন্য দোয়া করেন সে দোয়া সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যাবে।নিরন্তর শুভকামনা সবার জন্য।

সম্পর্কিত সংবাদ

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
বাংলাদেশ

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

June 17, 2026

শরীয়তপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৭ জুন)...

আরও পড়ুন
বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশ

বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

June 17, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদলই আমাদের সরকারের প্রধান লক্ষ্য। দেশের কোনো মানুষ পিছিয়ে থাকবে...

আরও পড়ুন