জাফলং অক্ষত রেখে অন্য এলাকায় পাথর উত্তোলনের চিন্তা সরকারের: আরিফুল হক
সিলেটের পর্যটন এলাকা জাফলংকে সংরক্ষিত রেখে অন্য এলাকাগুলোতে পাথর উত্তোলনের অনুমতি দেওয়ার বিষয়ে নীতিগতভাবে এগোচ্ছে সরকার। চলতি পাথর উত্তোলন মৌসুমেই এ বিষয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় পাথর উত্তোলন নিয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ছয়জন মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবদের নিয়ে এ বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছিল।
কমিটির আলোচনায় আদালতের আদেশে সংরক্ষিত জাফলং এলাকা অক্ষত রেখে অন্যান্য এলাকায় হস্তচালিত পদ্ধতিতে পাথর উত্তোলনের পক্ষে নীতিগত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে বলে জানান আরিফুল হক।
তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, পাথর উত্তোলন নিয়ে একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। সরকার আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
মন্ত্রী বলেন, আদালত যে সিদ্ধান্তই দেবেন, সরকার তা মেনে নেবে এবং সিদ্ধান্ত পাওয়ার পরদিন থেকেই সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
চলতি মৌসুমে পাথর উত্তোলন শুরু হবে কি না, এমন প্রশ্নের জবাবে আরিফুল হক বলেন, মামলার বাদীপক্ষ আদালতে তাদের বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করেছে। সরকারপক্ষও নিজেদের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে।
‘আমরা বিশ্বাস করি, এই মৌসুমেই পাথর উত্তোলন শুরু হবে,’ বলেন তিনি।




