দুবাইয়ের ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে কূটনৈতিকভাবে কাজ চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধি (ভিসা এক্সটেনশন) নিয়ে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, “এ বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতি স্পষ্ট হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, দুবাইয়ের শ্রমবাজার নিয়ে কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কি না, সেটিও সরকার গুরুত্ব দিয়ে যাচাই করছে। একই সঙ্গে বিশ্বের যেসব দেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, সেসব দেশের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করতে সরকার কাজ করছে।
চা শ্রমিকদের জীবনমান প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব নীতিতে বিশ্বাস করে। সে কারণে চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে।
এর আগে আলোচনা সভা শেষে প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণমন্ত্রী।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ইসকন সিলেটের নেতারা এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।




