নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার করা এই আবেদনের একটি চিঠি দেখে উল্লেখ করে রয়টার্স বলেছে, ২০২৪ সালে দেশ ছেড়ে যাওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
তবে গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছেন, হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে উল্লেখ করেন তিনি।
গতকাল (৮ নভেম্বর) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও বলেছেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে আইনি সব পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল অধস্তন আদালতের বিচারকদের একটি কর্মশালার উদ্বোধন শেষে আইনমন্ত্রী বলেন, ‘বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেবে সরকার। এ চুক্তির আওতায় ভারত সরকার তাকে ফেরত দেবে বলে আশা করছে সরকার। তাকে ফিরিয়ে আনার বিষয়ে আইনগতভাবে যা যা করা দরকার, তা করা হয়েছে।’
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে দেওয়া চিঠিতে হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এমতাবস্থায়, তার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’
চিঠিতে হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার সনদগুলোর অধীনে থাকা বাধ্যবাধকতা’ অনুসারে আবেদনগুলো ‘দ্রুততম সময়ে’ নিষ্পত্তি করার অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
উল্লেখ্য, ভারতে যাওয়ার পর বিভিন্ন সময়েই শেখ হাসিনা বলে এসেছেন, এ বছরের ডিসেম্বরেই তিনি দেশে ফিরে আসবেন।



