নবীগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জুহেরা বেগম (২৩) নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ইনাতগঞ্জ ইউনিয়নের বাজারছড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জুহেরা বেগম বাজারছড়া গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহটি উদ্ধারের পর ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, জুহেরা বেগম প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’



