নারায়ণগঞ্জের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এখন বিশ্ব মিডিয়ায় আলোচনা
মাথায় সোনালী চুল আর ব্যতিক্রমী রঙের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া নারায়ণগঞ্জের এক বিরল অ্যালবিনো মহিষ এবার জায়গা করে নিয়েছে বিশ্ব মিডিয়ায়। আগামী ঈদুল আজহা উপলক্ষে ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’র ৭০০ কেজি ওজনের এই ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষটিকে দেখতে খামারে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স ছাড়াও ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডের মূলধারার সংবাদমাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই খবরটি প্রচার করেছে।
আরব নিউজের প্রতিবেদন মতে, প্রায় ৭০০ কেজি (১৫০০ পাউন্ড) ওজনের এই মহিষটির গায়ের রঙ সাদাটে-গোলাপি এবং মাথায় রয়েছে লম্বা সোনালী চুল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত হেয়ার স্টাইলের সঙ্গে মিল থাকায় খামারি জিয়া উদ্দিন মৃধার ছোট ভাই শখ করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। তবে খামারি হেসে জানান, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই মহিষের মিল কেবল চুল পর্যন্তই সীমাবদ্ধ, স্বভাবের দিক থেকে সে ভীষণ শান্ত।
প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, এই ধরনের অ্যালবিনো মহিষ প্রকৃতিতে অত্যন্ত বিরল। শরীরে মেলানিনের অভাবের কারণে এদের গায়ের রঙ এবং চুল এমন সাদা বা সোনালী হয়ে থাকে।
মে মাসজুড়ে সোশ্যাল মিডিয়ায় মহিষটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর খামারে দর্শনার্থী ও শিশুদের অবিরাম স্রোত লক্ষ্য করা গেছে। অনেকেই আসছেন সেলফি তুলতে।
ফয়সাল আহমেদ নামের এক ব্যবসায়ী জানান, তার ভাগনে শুধু এই ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে একনজর দেখার জন্য এক ঘণ্টার নৌপথ পাড়ি দিয়ে খামারে এসেছে। তবে সারাদিন মানুষের ভিড় এবং হইচইয়ের কারণে মহিষটি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে এবং তার ওজনও কিছুটা কমে গেছে। তাই বাধ্য হয়েই খামারের মালিক এখন জনসাধারণের অবাধ প্রবেশের ওপর কিছুটা নিষেধাজ্ঞা দিয়েছেন।
খামারে এই মহিষটির বেশ রাজকীয় যত্ন নেওয়া হয়। দিনে চারবার ঠাণ্ডা পানি দিয়ে তাকে গোসল করানো এবং শিংয়ের মাঝে থাকা সোনালী চুলগুলো যত্নে ব্রাশ দিয়ে আঁচড়ে দেওয়া হয়।



