আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের
খেলাধুলা

বাবা হারানো মেসিকে সমবেদনা, রোনালদোর নতুন রেকর্ড

MATI PROTIDIN•August 15, 2026
শেয়ার করুন:

সম্প্রতি বাবা হারিয়েছেন ফুটবল জগতের উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসি। তাকে সমবেদনা জানিয়ে পাশে দাঁড়াচ্ছেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। এমনকি তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও সমবেদনা জানিয়েছেন ইনস্টাগ্রামে, যা গড়েছে অনন্য রেকর্ড।

বাবাকে নিয়ে আবেগঘন কথা লেখার পর রোনালদো মেসির সেই পোস্টে কমেন্ট করেছেন, ‘এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা লিও। শক্ত থেকো।’ পর্তুগিজ উইঙ্গারের এই হৃদয়স্পর্শী কমেন্টে লাইক পড়েছে প্রায় ৬৫ লাখ, যা এখন পর্যন্ত ইনস্টাগ্রামের ইতিহাসে সর্বোচ্চ লাইক পাওয়া কমেন্ট।

কাকতালীয়ভাবে, আগের সর্বোচ্চ লাইক পাওয়া কমেন্টও ছিল রোনালদোর। যখন রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপের ট্রান্সফার সম্পন্ন হয়েছিল, তখন ফরাসি স্ট্রাইকারকে অভিনন্দ জানিয়েছিলেন তিনি। ২০২৫ সালের শেষ দিকে সেই কমেন্টে লাইক ছাড়ায় ৬০ লাখ।

সবশেষ বুধবার লিওনেল মেসি তার বাবাকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘বাবা, তোমার চলে যাওয়াটা এখনও বিশ্বাস করতে পারছি না। বাস্তবতাটা এখনও বুঝে উঠতে পারছি না। আসলে আমি এটা মানতে চাইছি না। তোমাকে আর দেখতে পাব না, আমাদের আর কখনো কথা হবে না, এটা কল্পনা করাও আমার জন্য খুব কঠিন। আমি জানি তুমি কষ্টে ছিলে এবং এটাই তোমার জন্য হয়তো ভালো হয়েছে, কিন্তু তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে আরও কত কিছু উপভোগ করার বাকি ছিল।’

বাবার অনুরোধেই উত্তর আমেরিকা বিশ্বকাপে অংশ নিয়েছেন জানিয়ে মেসি লেখেন, ‘তুমি আমাকে শেষ বিশ্বকাপটা খেলার জন্য কত অনুরোধ করেছিলে! আর টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক কয়েক দিন আগেই তোমার শরীর সবচেয়ে বেশি খারাপ হয়ে গেল। মা আমাকে বলছিলেন যে তুমি সুস্থ হয়ে উঠবে এবং খেলা দেখতে আসার মতো ভালো হয়ে যাবে। আমিও তোমাকে বলতাম, আমরা ফাইনালে উঠবই যাতে তুমি আসার সুযোগ পাও।’

বাবাকে মিস করার কথা উল্লেখ করে পোস্টে তিনি লেখেন, ‘প্রতিটি ম্যাচ শেষ হওয়ার পর আমি তোমার বার্তার অপেক্ষায় থাকতাম আর তোমাকে খুব মিস করতাম। তখনই বুঝতে পেরেছিলাম যে পরিস্থিতি কতটা কঠিন ছিল। তা সত্ত্বেও, আমি শুধু যতটা সম্ভব দূর পর্যন্ত যাওয়ার কথা ভাবতাম, যাতে তোমাকে কিছুটা সময় দেওয়া যায় আর তুমি এসে অন্তত একটা ম্যাচ দেখতে পারো। আমরা ফাইনালে পৌঁছালাম, কিন্তু তুমি আসতে পারলে না। আমি কাপটা জিততে চেয়েছিলাম, যাতে তোমার কাছে নিয়ে গিয়ে নতুন একটা ট্রফি দেখাতে পারি। কিন্তু পারলাম না।’

বিশ্বকাপ শেষ করে বাবার সঙ্গে দেখা হওয়ার পরের ঘটনার বর্ণনা দিয়ে আর্জেন্টাইন এই তারকা লেখেন, ‘আমি যখন ফিরে এলাম, তুমি ভেবেছিলে আমরা পেনাল্টিতে ফাইনাল হেরে গেছি। যা কিছু ঘটেছিল, তা নিয়ে আমরা একটা কথাও বলতে পারলাম না। তুমি কিছুই উপভোগ করতে পারলে না। আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি ঠিকই, তবে আমরা প্রতিটি ম্যাচ কতটা উপভোগ করেছি তা তুমি জানতে পারলে না। আবারও তুমিই ঠিক প্রমাণিত হলে-আমার সেখানে যাওয়া এবং খেলাটাই সঠিক সিদ্ধান্ত ছিল।’

তিনি আরও লেখেন, ‘তোমাকে ছাড়া আমি কী করব জানি না, কীভাবে সামনে এগোবো বুঝতে পারছি না। আমি তো শুধু ফুটবলটাই খেলতে জানতাম, আর এখন আমার নিজের মনেই বড় সংশয় জাগছে যে আমি আর কতদিন খেলাটা চালিয়ে যেতে পারব। শুরু থেকেই তো তুমি আমার পাশে ছিলে, একদম শেষ মুহূর্তের তো আর অল্প একটু বাকি ছিল। আর কিছুটা সময় কেন ধৈর্য ধরে থাকলে না বাবা? তাহলে তো আমরা একসাথেই শেষটা করতে পারতাম!’

নিজের বাবাকে সেরা বন্ধু জানিয়ে মেসি লেখেন, ‘তুমি একাধারে আমার বাবা, সেরা বন্ধু এবং প্রতিনিধি ছিলে। প্রতিটি মুহূর্তে যেভাবে পাশে থাকা দরকার, তুমি ঠিক সেভাবেই থাকতে-কখনও কোনো ভুল করোনি। টুকটাক অভিমান বা ঝগড়া সত্ত্বেও দিনশেষে সবসময় তুমিই ঠিক প্রমাণিত হতে। সবশেষে তুমি যেভাবে বলতে, ঠিক সেটাই ঘটত।’

সম্পর্কিত সংবাদ

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের
খেলাধুলা

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের

November 5, 2026

বায়ার্ন মিউনিখে নাম লেখানোর পর থেকেই গোলের পর গোল করে যাচ্ছেন হ্যারি কেইন। অবশ্য প্রতিপক্ষকে গোলোবন্যায় ভাসানোর অভ্যাসটা...

আরও পড়ুন
আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর যত অর্জন
খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর যত অর্জন

November 5, 2026

ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ বছরই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বছর। তবে ২০২৬ সাল শেষ হওয়ার...

আরও পড়ুন