বার্মিংহামে নারী ক্রিকেট দলকে সংবর্ধনা, জাতীয় সংগীত পরিবেশন নিয়ে সমালোচনা
আসন্ন আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বিশ্বকাপকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেলেও, দলকে দেওয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচের মাত্র দুই দিন আগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, যখন অংশগ্রহণকারী দলগুলো নিজেদের প্রস্তুতি ও অনুশীলন নিয়ে ব্যস্ত, তখন খেলোয়াড়দের অংশগ্রহণে ফটোসেশন ও নৈশভোজভিত্তিক অনুষ্ঠানের প্রয়োজনীয়তা কতটুকু ছিল, তা বিবেচনার দাবি রাখে। সমর্থকদের একটি অংশের অভিমত, খেলোয়াড়দের সম্মান জানানো অবশ্যই ইতিবাচক উদ্যোগ, তবে এ ধরনের আয়োজন টুর্নামেন্ট শেষে হলে তা আরও যৌক্তিক ও ফলপ্রসূ হতে পারত।
অনুষ্ঠানটির প্রকৃত আয়োজক পরিচয় নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনুষ্ঠানপূর্ব সময়ে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে আয়োজকদের পরিচয় জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ হাই কমিশন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবে। তবে অনুষ্ঠানের দিন প্রদর্শিত ব্যানারে বাংলাদেশ হাই কমিশনের লোগো দেখা যায় এবং অনুষ্ঠান পরিচালনায় হাই কমিশনের এক কর্মকর্তার সক্রিয় অংশগ্রহণও নজরে আসে। ফলে আয়োজনের পৃষ্ঠপোষকতা ও দায়দায়িত্বের বিষয়টি নিয়ে কমিউনিটির মধ্যে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হলেও সাংবাদিকদের অংশগ্রহণের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। যদিও এ বিষয়ে আয়োজকদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জাতীয় সংগীত পরিবেশনের সময় খেলোয়াড়রা হলরুমে প্রবেশ করে মঞ্চে উঠছেন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রবাসী কমিউনিটিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের মতে, জাতীয় সংগীত পরিবেশনের সময় যথাযথ শৃঙ্খলা, স্থিরতা ও মর্যাদা নিশ্চিত করা আয়োজন সংশ্লিষ্টদের দায়িত্বের মধ্যেই পড়ে।
সংশ্লিষ্ট মহলের অনেকে প্রশ্ন তুলেছেন, যদি জাতীয় সংগীতের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে, তাহলে এর দায় কার ওপর বর্তাবে? উল্লেখ্য, “বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ, ১৯৭২”-এ জাতীয় সংগীতের অবমাননার জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে কোনো ঘটনার ক্ষেত্রে আইনগত দায় নির্ধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনি ব্যাখ্যার ওপর নির্ভরশীল।
কমিউনিটির অনেকর সঙ্গে কথা বলে জানা যায়, বার্মিংহামে অতীতে অসংখ্য বড় ও ছোট পরিসরের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলেও এত বড় একটি আয়োজনে এমন বিতর্কিত পরিস্থিতি সৃষ্টি হওয়া হতাশাজনক। তারা আয়োজনের পরিকল্পনা, অভিজ্ঞতা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আয়োজক, বাংলাদেশ হাই কমিশন কিংবা বাংলাদেশ সহকারী হাই কমিশনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
স্থানীয় কমিউনিটির প্রত্যাশা, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের আগে বিতর্ক নয়, বরং জাতীয় দলের প্রস্তুতি, পারফরম্যান্স ও সাফল্যের দিকেই সবার মনোযোগ কেন্দ্রীভূত হওয়া উচিত। উল্লেখ্য, আগামী ১৪ জুন বার্মিংহামের এজবাস্টন মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।



