মৌলভীবাজারে বজ্রপাতে প্রাণ গেল চা শ্রমিকের
মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে মিরন দাস পানিকা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত মিরন দাস পানিকা শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনের বাসিন্দা। তিনি মৃত পবন দাস পানিকার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে মিরন দাস পানিকা শ্রীগোবিন্দপুর চা বাগানের শ্মশান মাঠে গরুকে খাবার দিতে যান। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
একপর্যায়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কমর উদ্দিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার, বজ্রপাতে নিহতের খবর পেয়েছি। এই বিষয়ে জেলাতে তথ্য পাঠানো হয়েছে। জেলা থেকে মূলত বজ্রপাতে মারা গেলে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। সেটা নিহতের পরিবারকে দেওয়া হবে।



