‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির মাধ্যমে দেশের বাণিজ্য দখল হয়ে গেছে’
অধ্যাপক শামসুল আলম
মার্কিন বাণিজ্যচুক্তির মাধ্যমে দেশের বাণিজ্য দখল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক শামসুল আলম। তিনি বর্তমানে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন।
পাশাপাশি কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আমাদের বাণিজ্য দখল হয়ে গেছে। যেটা ইস্ট ইন্ডিয়া কম্পানি করেছিল। তারা সশরীরে এসে দখল করেছিল, এখন আর ফিজিক্যালি আসা লাগছে না।
আমরা নিজেরাই তাদের হাতে তুলে দিচ্ছি। সম্প্রতি দ্য পোস্টের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন শামসুল আলম।
দেশের জ্বালানিসংকট নিয়ে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, ‘রাশিয়ার তেল আমরা সরাসরি আনতে পারি, রাশিয়া যথেষ্ট কনসেশন মানে আপনার কনসেশনাল রেটে তেল দেয়। কিন্তু সেইটুকু নেওয়ার মতো যে সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করা যে সক্ষমতা ইন্ডিয়ার আছে সে সক্ষমতা তো আমাদের নেই।
এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তি বাধা কি না? এমন প্রশ্নের জবাবে শামসুল আলম বলেন, ‘মোটা দাগে তা বলা যায়। এই চুক্তি না হলেও যে সেন্সরশিপ আমেরিকা দিয়ে রেখেছে ইরান ও রাশিয়ার ওপরে সেই সেন্সরশিপের কারণেই আমি তাদের ত্রিসীমানায় যেতে পারতাম না।’
তিনি বলেন, ‘যে চুক্তি হলো সেটার মূল কথা হলো আমেরিকার কাছ থেকে অধিকাংশ পণ্য আমদানি করতে হবে। অন্য কোন দেশ থেকে পারব না। এটাই বলা যেতে পারে এই চুক্তির বাধ্যবাধকতা। তার মধ্যে তো জ্বালানি পড়বেই।’



