রাষ্ট্রপতির দুপুরের পাতে সাতকরা দিয়ে খাসির মাংস, সঙ্গে আরও ছয় পদ
সিলেটে এসে স্থানীয় স্বাদেই দুপুরের খাবার খেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দুপুরের পাতে ছিল সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে খাসির মাংস। সঙ্গে ছিল মাছ, মাংস, সবজি ও ভর্তার আরও ছয় পদ।
মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে রাষ্ট্রপতির জন্য সাত পদের এই খাবারের আয়োজন করা হয়। তালিকায় সাতকরা দিয়ে খাসির মাংসের পাশাপাশি ছিল পাবদা মাছের তরকারি, কাতলা মাছের তরকারি, চিংড়ি ছাড়া লাউয়ের তরকারি, মুরগির তরকারি, আলু ভর্তা ও টাকি মাছের ভর্তা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেজা ই রাব্বি।
সিলেটের খাবারের পরিচিত পদগুলোর মধ্যে সাতকরা দিয়ে খাসির মাংস অন্যতম। সাতকরার টক-মিষ্টি স্বাদের সঙ্গে খাসির মাংসের সমন্বয়ে রান্না করা এই পদটি স্থানীয় খাবারের ঐতিহ্যেরও অংশ। রাষ্ট্রপতির খাবারের তালিকায় তাই রাখা হয় সিলেটের এই জনপ্রিয় পদ।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।
এরপর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি। পরে যান হযরত শাহপরান (রহ.)-এর মাজারে। দুই মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে ফিরে দুপুরের খাবার খান তিনি।
রাষ্ট্রপতির খাবারের আয়োজনে সিলেটের স্থানীয় স্বাদের পাশাপাশি ঘরোয়া রান্নার পরিচিত পদও রাখা হয়। মাছ, সবজি ও ভর্তার বিভিন্ন পদে ছিল সেই বৈচিত্র্য।
দুপুরের খাবারের পর বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, নাগরিক সংবর্ধনা শেষে রাষ্ট্রপতির সার্কিট হাউসে ফেরার কথা রয়েছে। পরে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে রাত ৮টায় ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে তাঁর।




