রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট করল সিলেট মহানগর বিএনপি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা বয়কট করেছে সিলেট মহানগর বিএনপি। যথাযথভাবে আমন্ত্রণ না পাওয়া এবং সংবর্ধনা আয়োজনের প্রক্রিয়া নিয়ে আপত্তির কারণে দলটির নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশ নেননি বলে জানিয়েছেন মহানগর বিএনপির নেতারা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতির সম্মানে এই সংবর্ধনার আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতা-কর্মী অংশ নেবেন না। যথাযথভাবে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।’
দলের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি তৈরি না করে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আয়োজকদের ‘স্বেচ্ছাচারিতার’ কারণে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠানটি বয়কট করেছে।
মহানগর বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাষ্ট্রপতির সফর বা তাঁর কর্মসূচির বিরুদ্ধে তাদের কোনো আপত্তি নেই। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে মহানগর বিএনপির নেতা-কর্মীরা নগরের সাতটি পয়েন্টে অবস্থানও নেন। মাজার জিয়ারতের সময়ও তারা উপস্থিত ছিলেন এবং রাষ্ট্রপতির বিদায়ের সময়ও থাকার কথা রয়েছে।
তবে নাগরিক সংবর্ধনার আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে তাদের আপত্তি রয়েছে বলে জানান ওই নেতা। তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণপত্র পেলেও যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটি তাদের কাছে ‘সম্মানজনক মনে হয়নি’। তাদের মনে হয়েছে, এটি অনেকটা নিয়ম রক্ষার আমন্ত্রণ।
ওই নেতা আরও বলেন, ‘আমরা সিনিয়র বিএনপির নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এসেছিলাম। আমাদের অনেক নেতাই এসেছেন। কিন্তু আয়োজনের ক্ষেত্রে এককভাবে সবকিছু করা হয়েছে, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। এমনকি আমাদের গাড়িগুলোও অনুষ্ঠানস্থলের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সফর বা তাঁর কর্মসূচির বিরোধিতা করছি না। রাষ্ট্রপতির সিলেট সফরের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের আপত্তি সিটি করপোরেশনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও আয়োজনের প্রক্রিয়া নিয়ে।’
মঙ্গলবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। এরপর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে ফিরে বিকেল ৩টা ৪০ মিনিটে নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি।




