রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে নিরাপত্তা জোরদার, মাঠে ১২০০ পুলিশ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর ঘিরে নগরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবার তাঁর সফরের তিনটি কর্মসূচি ও পাঁচটি ভেন্যুতে দায়িত্ব পালন করবেন প্রায় ১ হাজার পুলিশ সদস্য। এর বাইরে আরও ২০০ সদস্য অতিরিক্ত দায়িত্বে থাকবেন।
সোমবার দুপুরে রাষ্ট্রপতির সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। পরে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাংবাদিকদের স্পট ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
পুলিশ কমিশনার বলেন, রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। সফরে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে তিনি একটি নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এসব কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচটি ভেন্যুতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির নিরাপত্তায় এসএমপির পাশাপাশি র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বন বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাও সহায়তা করবে।
বিভিন্ন ভেন্যুতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার অংশ হিসেবে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান সারোয়ার মুর্শেদ শামীম।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে নগরের ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। নিয়মিত ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। সফরের সময় যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ কমিশনার জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে এসএমপি, সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা হয়েছে। সেখানে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘সবার সমন্বিত প্রচেষ্টায় রাষ্ট্রপতির পুরো সফর নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি।’
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সফরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতের পাশাপাশি নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।




