শক্তিশালী টাইফুন দুজুয়ানে বিপর্যস্ত জাপান
শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপান। রাজধানী টোকিওসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাকৃতিক এই দুর্যোগে সুরক্ষার স্বার্থে দেশটির ১৬ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঝড়টি জাপানের রাজধানীর নিকটবর্তী কাতসুরা এলাকা থেকে ৮০ মাইল দক্ষিণে অবস্থানকালে ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার বেগে প্রবল বাতাস নিয়ে অগ্রসর হয়। এতে হাজার হাজার বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, টাইফুনের প্রভাবে জাপান এয়ারলাইন্স ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়, ফলে বিমানবন্দরে শত শত যাত্রী আটকা পড়েন।
এ ছাড়া টোকিও ও ওসাকার মধ্যবর্তী রুটের বিখ্যাত বুলেট ট্রেনসহ অনেক রেল পরিষেবা বন্ধ রাখা হয়।
ভারি বৃষ্টিতে টোকিওর পূর্বে ইচিকাওয়া এবং জনপ্রিয় পর্যটন এলাকা কামাকুরার সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। দুর্যোগময় পরিস্থিতির কারণে বিশ্বখ্যাত টোকিও গেম শো নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয় এবং বেশ কিছু আউটডোর কনসার্ট ও খেলাধুলা বাতিল করা হয়।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরের দিকে ঝড়টি উপকূল অতিক্রম করে কিছুটা দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে।
সংস্থাটি সতর্ক করেছে যে, ঝড়ের কারণে কিছু স্থানে সেপ্টেম্বর মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, ফলে বন্যা ও ভূমিধসের ঝুঁকি এখনই কাটছে না। উল্লেখ্য, চলতি বছর জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন হলো এই ‘দুজুয়ান’।



