সিউকের আওতায় গোলাপগঞ্জ-বিশ্বনাথ না রাখার আহ্বান দুই সাংসদের
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আওতা বাড়ানোর প্রস্তাবে গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলাকে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছেন সিলেটের দুই সংসদ সদস্য। তাঁদের যুক্তি, দূরের এসব উপজেলা সিউকের আওতায় নেওয়া হলে নাগরিক সেবা পেতে স্থানীয় বাসিন্দাদের সিলেট নগরে ছুটতে হতে পারে। এতে সময় ও অর্থ দুটিই অপচয় হবে।
মঙ্গলবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তাঁরা এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সিউকের আওতা বাড়ানোর একটি পরিকল্পনা করা হয়েছে বলে আমি জানতে পেরেছি। ওই প্রস্তাবে গোলাপগঞ্জ উপজেলাকে অন্তর্ভুক্ত করার কথা রয়েছে।
তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন ও সদর এলাকার মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি দূরের কোনো উপজেলাকে যুক্ত করে সেখানকার সেবা ব্যাহত করার প্রয়োজন নেই। তাই প্রস্তাবিত আওতা থেকে গোলাপগঞ্জকে বাদ দেওয়ার আহ্বান জানান তিনি।
একই অনুষ্ঠানে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা সিউকের আওতায় বিশ্বনাথ উপজেলাকে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানান।
তিনি বলেন, সিউকের কার্যক্রমের পরিধি বাড়ানোর যে পরিকল্পনা করা হয়েছে, সেখানে তাঁর সংসদীয় আসনের বিশ্বনাথ উপজেলার নামও রয়েছে।
বিশ্বনাথকে সিউকের সঙ্গে যুক্ত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের যেন নাগরিক সেবা নিতে সিলেট নগরে আসতে না হয়।
তাহসিনা রুশদীর লুনা বলেন, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা পাওয়ার সুযোগ থাকলে মানুষের সময় ও অর্থ দুটিই সাশ্রয় হবে।
সুধী সমাবেশে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেক, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান সেলিম এবং সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




