সিলেটে বাসচাপায় কিশোরী পর্যটকের মৃত্যু
সিলেট-তামাবিল মহাসড়কে গেইটলক বাসের চাপায় নুসরাত তাসনিম (১৫) নামের এক কিশোরী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় একই অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত তাসনিম ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। তিনি মামা ও খালার সঙ্গে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।
দুর্ঘটনায় আহতরা হলেন মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তাঁদের সবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকায়।
পুলিশ জানায়, পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে বেড়াতে এসেছিলেন মোহাম্মদ আলী। সোমবার সকালে তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে জাফলংয়ের উদ্দেশে রওনা দেন। চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেট এলাকায় পৌঁছালে সিলেটমুখী একটি গেইটলক বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে অটোরিকশার যাত্রীরা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নুসরাত তাসনিমের মৃত্যু হয়। আহত তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নুসরাতের মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হবে।




