সিলেটে ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পায়ের পাতা উদ্ধার
সিলেট নগরের আম্বরখানা এলাকায় ময়লার স্তূপ থেকে সাদা কাপড়ে মোড়ানো মানুষের একটি খণ্ডিত পায়ের অংশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের পাশের একটি ময়লার স্তূপ থেকে পায়ের অংশটি উদ্ধার করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাত ১টার দিকে আম্বরখানা পয়েন্ট এলাকায় সড়কের পাশে ময়লার স্তূপে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষের একটি পায়ের অংশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পায়ের অংশটি উদ্ধার করে।
ওসি সহিদুর রহমান বলেন, মানুষের একটি পায়ের অংশ কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পায়ের অংশটির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
পুলিশের প্রাথমিক ধারণা, হাসপাতালে চিকিৎসাধীন কোনো রোগীর অস্ত্রোপচারের সময় কেটে ফেলা পায়ের অংশ কেউ ময়লার স্তূপে ফেলে যেতে পারেন। পায়ের অংশটিতে কিছুটা পচন ধরেছিল।
তবে পায়ের অংশটি কোথা থেকে এবং কীভাবে সেখানে এসেছে, তা নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।



