সিলেটে লোভের ফাঁদে ফেলে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র
সরকারি অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) নাম ও ছবি ব্যবহার করে নাগরিকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ডিজিটাল প্রতারক চক্রের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিসিক কর্তৃপক্ষ।
সিসিক সূত্রে জানা গেছে, প্রতারক চক্রটি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন নাগরিকের সঙ্গে যোগাযোগ করছে। সরকারি অনুদান দেওয়ার আশ্বাস দিয়ে তারা বিকাশ নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
তবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, প্রতারকদের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ প্রোফাইলে প্রধান নির্বাহী কর্মকর্তার নামের বানান ও পদবিতে ভুল রয়েছে। এ বিষয়টি সামনে আসার পরপরই নগরবাসীকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে সিটি করপোরেশন।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এক সতর্কবার্তায় বলেন, “একটি প্রতারক চক্র আমার নাম ও অফিসের ঠিকানা ব্যবহার করে অনুদানের প্রলোভন দেখাচ্ছে। এ ধরনের কোনো বার্তা বা ফোনকলে সাড়া দেবেন না। ব্যক্তিগত কিংবা আর্থিক কোনো তথ্য শেয়ার করবেন না।”
তিনি আরও বলেন, অনুদান বা অন্য কোনো সরকারি সেবা সংক্রান্ত বিষয়ে সন্দেহ হলে সরাসরি সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে যোগাযোগ করে তথ্য যাচাই করার জন্য নাগরিকদের অনুরোধ করা হচ্ছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়েছে সিসিক।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
সিটি করপোরেশন নগরবাসীকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইলভিত্তিক মেসেজিং অ্যাপ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের পরিচয়ে ব্যক্তিগত তথ্য বা অর্থ দাবি করা হলে তা যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।




