সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার নিহতদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একদল রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক। এসব প্রবাসীর ওপর তাদের পরিবারের সদস্যরা বহুলাংশে, অনেক ক্ষেত্রে পুরোপুরি নির্ভরশীল।
তারা পরিবারের আশা ভরসার স্থল।
তিনি বলেন, জীবিকার তাগিদে সুদূর পরবাসে গিয়ে এভাবে তাজা প্রাণ ঝরে পড়া নিহতদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, মহান আল্লাহ যেন নিহতদের শহীদী মর্যাদা দান করেন এবং তাদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক দান করেন।
তিনি নিহত প্রবাসী শ্রমিকদের পরিচয় দ্রুত শনাক্ত করে তাদের মরদেহ অবিলম্বে দেশে ফিরিয়ে এনে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশ সরকার ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতি আহ্বান জানান।



