হবিগঞ্জ-সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু মেরামতে ১৪৩ কোটি টাকা
২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হবিগঞ্জ ও সুনামগঞ্জ সড়ক বিভাগের বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণে ১৪৩ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ৭৫৪ টাকা ব্যয়ের একটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়।
বৈঠকে সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন সংশ্লিষ্ট প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউপি-০১-এর একটি কাজের দরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃপ্রক্রিয়াকরণ প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। দরপত্রটির প্যাকেজ নম্বর ০৪/ই-জিপি/ডিইভি/সুনামগঞ্জ/ইই/আরএইচডি/২০২৫-২০২৬ এবং দরপত্র পরিচিতি নম্বর ১১৮৪৯৮৪।
একই প্রকল্পের ডব্লিউপি-১০ প্যাকেজের আওতায় আরেকটি কাজের ক্রয় প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এ দরপত্রের প্যাকেজ নম্বর ০২/ই-জিপি/ডিইভি/সুনামগঞ্জ/ইই/আরএইচডি/২০২৫-২০২৬ এবং দরপত্র পরিচিতি নম্বর ১১৮৩৫১৬।
প্রস্তাব অনুযায়ী, এ কাজের মূল চুক্তিমূল্য ১৪৩ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ৭৫৪ টাকা ৭৭ পয়সা। কাজটির জন্য সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির ঠিকানা ঢাকার গুলশান-১-এর নিকেতন।
বৈঠকে প্রস্তাব দুটি পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমোদনের জন্য সুপারিশ করে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।



