হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: আদালতে পলক
জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে প্রিজন ভ্যানে আদালতে আনা হয়।
ভ্যান থেকে তাকে নামানো হলে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন।’ তবে তাকে কোন হাসপাতাল থেকে আনা হয়েছে সেটা বলেননি। পরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, ‘দুর্ঘটনায় মেরুদণ্ডে সমস্যা হওয়ার কারণে সাবেক এ মন্ত্রীকে ডাক্তার ম্যাগনেটিক থেরাপি দিতে বলেছিল।
পরে আমরা আবেদন করলে সেটি নিয়ে মিডিয়ায় খুব আলোচনা হয়। এ জন্য তাকে এখন থেরাপি দেওয়া হচ্ছে। এ জন্য পলক সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলকসহ মোট ৩৪ জন আসামি রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ শুনানি হবে।
এর আগে জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তিও। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মোসা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ অগাস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।



