শ্রীমঙ্গলে বসতঘরের সিলিংয় থেকে বিশাল অজগর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বসতঘরের সিলিং থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামের খলিল মিয়ার ঘর থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা।
পরে সাপটি স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, সকালে ঘুম থেকে উঠে খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা ঘরের সিলিংয়ের বাঁশের ওপর কুণ্ডলী পাকিয়ে থাকা একটি অজগর সাপ দেখতে পান। হঠাৎ ঘরের ভেতরে সাপ দেখে পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ খলিল মিয়ার বাড়িতে ভিড় করেন।
এ সময় কয়েকজন সাপটিকে মেরে ফেলার চেষ্টা করেন। পরে স্থানীয় এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার অভিযানে অংশ নেন ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
রাজদীপ দেব দীপ জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ২০ থেকে ২২ কেজি।
শ্রীমঙ্গল রেঞ্জের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, ‘উদ্ধার করা অজগর সাপটি সন্ধ্যায় লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।’



