পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিলেটের প্রবাসী তরুনের
ইউরোপের দেশ পর্তুগালের সেতুবাল জেলার আলমেদায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর। জানা গেছে, শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে আলমেদায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তিনি গুরুতর আহত হন।
দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় আলমেদা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত কামরান সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ওই গ্রামের মৃত মুতলিব আলীর ছেলে।
কামরানের এই অকাল মৃত্যুতে আলমেদাসহ পর্তুগালের বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রবাসীরা দুর্ঘটনার বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র তিন মাস আগে দেশে গিয়ে বিয়ে করেছিলেন কামরান।



