১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে ১০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের ফেরত দেওয়া হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত এবং সিলেটের গুচ্ছগ্রাম সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে বিএসএফ ও ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তারা কারাগারে যান।
ভারতের তোবা কারাগারে সাজা ভোগ শেষে বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০), ডিয়ার মানিকচর এলাকার আহসান হাবীব (১৯), চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলাকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার সাজাদ (২১), রুবেল মিয়া (৩৫) ও আল মামুন (২৮), শেরপুরের ঘুগুরাকান্দি এলাকার মনিরুল ইসলাম (২২), নেত্রকোনার বিজয়পুর এলাকার রেজাউল ইসলাম (২৮), বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪) এবং কাজিমুদ্দিন (২৪)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ বলেন, বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ১০ বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে থানা পুলিশের মাধ্যমে তাদের নিজ নিজ স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।



