‘ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায়’ সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র লোডশেডিং ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ স্থানীয় স্থায়ী ব্যবসায়ীদের জন্য ‘চরম হুমকি’ বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। পৃথক বাণিজ্য মেলা বন্ধ করে বছরে একটি যৌথ আন্তর্জাতিক মেলা আয়োজনের দাবি জানিয়েছেন তারা।
মেলার সিদ্ধান্ত থেকে সরে না এলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন সিলেট দোকান মালিক সমিতি ও বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা।
বুধবার রাতে নগরীর বারুতখানার ফুড প্যারাডাইস হোটেলের হলরুমে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী রবিবার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
ব্যবসায়ী নেতারা বলেন, কর্মচারীদের বেতন, দোকান ভাড়াসহ পরিচালন ব্যয় মেটাতেই বর্তমান সময়ে ব্যবসায়ীদের হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে পৃথক একাধিক বাণিজ্য মেলা আয়োজন করা হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও ক্ষতিগ্রস্ত হবে।
তবে তারা মেলার বিরোধী নন বলে সভায় স্পষ্ট করেন। প্রচলিত বাণিজ্য নীতি অনুযায়ী জেলায় বছরে একটি আন্তর্জাতিক মেলা আয়োজন করা হলে তাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
ব্যবসায়ী নেতারা সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও উইমেন চেম্বারকে যৌথভাবে বছরে একটি মেলা আয়োজনের আহ্বান জানান।
সভা থেকে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা প্রশাসক এবং এসএমপি কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
ব্যবসায়ী নেতারা বলেন, আগামী তিন দিনের মধ্যে মেলা বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে তারা রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনে যাবেন। এর অংশ হিসেবে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব এবং সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন। যৌথভাবে সভা পরিচালনা করেন দোকান মালিক সমিতির জেলা শাখার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল।
সভায় আরও বক্তব্য দেন দোকান মালিক সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল করিম, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মল্লিক মুন্নাসহ বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।




