সিলেটে টিলা কাটায় ২১ জনের বিরুদ্ধে মামলা
সিলেট নগরের বালুচরে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে ১১ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মামুনুর রশিদ বাদী হয়ে এসএমপির শাহপরান (রহ.) থানায় পরিবেশ সংরক্ষণ আইনে এ মামলাটি দায়ের করেন।
এজাহারের তথ্যমতে, বালুচরের ‘করিমউল্লাহ টিলা’ নামে পরিচিত টিলাটি সাদিপুর ১ম খণ্ড মৌজায় ১৭২ এসএ এবং ৬৩ খতিয়ানের অবস্থিত।
পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া টিলাটির একাংশ কেটে মাটি অপসারণ সরেজমিন পরিদর্শন করে। এই ঘটনায় নোটিশ দিলেও অভিযুক্তরা হাজির হননি।
পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় সরেজমিনে স্থানটি পরিদর্শন করে এবং ‘এনফোর্সমেন্ট মামলা (নং ৮৪/২০২৬)’ দায়ের করে।
গত ২০ এপ্রিল মামলাটি দায়ের করা হয়।
মামলায় অভিযুক্ত ১১ জন আসামি হলেন—উত্তর বালুচরের জালাল উদ্দিন, জাহাঙ্গীর মিয়া, মোশারফ আলী, শাকির আহমদ, ইউসুফ আলী, নাজমুল. শহীদুল আলম, জাকির হোসেন, জসিম উদ্দিন, জামাল উদ্দিন ও কামাল।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, টিলা কাটার ঘটনায় এজাহার নামীয় ও অজ্ঞাত মিলে ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাবে পুলিশ।



