মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার লছনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা লছনা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
বাসটি অটোরিকশাটিকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনজনের মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার পরিচয় শনাক্ত করা গেছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।
বর্তমানে মরদেহগুলো শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।



