দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের
দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান এ প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে জামায়াতের আমির লেখেন, ‘রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?’
শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গ তুলে তিনি বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনাও উদ্বেগজনক।
স্ট্যাটাসে তিনি আরও প্রশ্ন করেন, ‘সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে?’
শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান লেখেন, ‘অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে।’



