অক্টোবরে সারাদেশে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, মব সহিংসতার ২২
অক্টোবর মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতার অন্তত ৭০টি ঘটনায় ১২ জন নিহত এবং ৩৩৪ জন আহত হয়েছেন। একই সময়ে গণপিটুনির ৩৩ ঘটনায় ২২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মব সহিংসতার ২২ ঘটনায় নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন ৩৬ জন। এ ছাড়া মাসটিতে কারাগারে ১৯ বন্দির মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) অক্টোবর মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে, রাজনৈতিক সহিংসতায় নিহত ১২ জনের মধ্যে বিএনপির ১০ জন এবং আওয়ামী লীগের দুজন রয়েছেন।
এ ছাড়া মাসটিতে ৪৬ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। আর নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন ২৬১ জন।
প্রতিবেদনে বলা হয়, দেশের ১৬ জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, এইচআরএসএসের নিজস্ব তথ্য সংগ্রহ এবং ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে অক্টোবর মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুসারে, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে রাজনৈতিক সহিংসতায় আহতের সংখ্যা কমলেও ঘটনা ও নিহতের সংখ্যা বেড়েছে।
গত সেপ্টেম্বরে অন্তত ৬৮ রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৪ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়েছিলেন।
এতে বলা হয়, অক্টোবর মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ৩৫ ঘটনায় অন্তত ১৮৫ জন আহত এবং ৯ জন নিহত হয়েছেন। বিএনপি-জামায়াতের মধ্যে ছয়টি সংঘর্ষে আহত হয়েছেন ১৬ জন। বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সাতটি সংঘর্ষে ২৭ জন আহত ও দুজন নিহত হয়েছেন। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে একটি ঘটনায় একজন আহত হয়েছেন।
বিএনপি-এনসিপির মধ্যে দুটি সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। বিএনপি ও অন্যান্য দলের মধ্যে ১১ সংঘর্ষে ৩৩ জন আহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন দলের মধ্যে আটটি সংঘর্ষে আহত হয়েছেন ৭০ জন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেও প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতা ও হামলার ঘটনা ঘটেছে। এ মাসে নির্বাচনকেন্দ্রিক ছয়টি সহিংসতার ঘটনায় ৩৫ জন আহত এবং একজন নিহত হয়েছেন। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে চারটি ঘটনায় ৩১ জন আহত ও একজন নিহত হয়েছেন। অন্যদিকে বিভিন্ন দলের মধ্যে দুটি ঘটনায় আহত হয়েছেন চারজন।
প্রতিবেদনে বলা হয়, আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, হামলা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলীয় কোন্দল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে। পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের ওপর পৃথক হামলা, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
এ ছাড়া দুর্বৃত্তদের হামলায় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের হতাহতের অন্তত ১১ ঘটনায় ছয়জন আহত এবং সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির দুজন, আওয়ামী লীগের চারজন এবং একজন চরমপন্থী রয়েছেন। এ মাসে অন্তত ৩১ জন রাজনৈতিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
আধিপত্য বিস্তার, দখলদারি, রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সারা দেশে অন্তত ২২ ঘটনায় ৭০ বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, সংঘর্ষ, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রাজনৈতিক নেতাকর্মীদের আটক ও মামলার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ২৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২০২ জনের নাম উল্লেখ করে এবং আরো প্রায় ৩১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
এ ছাড়া রাজনৈতিক, যৌথ অভিযান ও বিশেষ অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে এ মাসে অন্তত ২৫ হাজার ১৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের অন্তত ৩৮৪ জন, বিএনপির ৮১ জন, জামায়াতে ইসলামীর ২৭ জন, এনসিপির একজন এবং উগ্রপন্থী ও চরমপন্থী সংগঠনের ১৮ জন সদস্য রয়েছেন।
গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে সারা দেশে গণপিটুনির ৩৩ ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
অন্যদিকে, মব সহিংসতার ২২ ঘটনায় ৩৬ জন আহত এবং একজন নিহত হয়েছেন। এ সময়ে মব সহিংসতাকে কেন্দ্র করে দুজনকে হেনস্তা, ছয়জন পুলিশ সদস্যকে আহত, সাতটি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অক্টোবর মাসে সাংবাদিক নির্যাতনের অন্তত ২৮ ঘটনায় ৪৬ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এসব ঘটনায় একজন সাংবাদিক নিহত, অন্তত ৩১ জন আহত, সাতজন লাঞ্ছিত এবং ছয়জন হুমকির সম্মুখীন হয়েছেন। এ ছাড়া সংবাদ প্রকাশের জেরে মানহানির অভিযোগে দায়ের করা একটি মামলায় একজন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।
সভা-সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, এ মাসে নয়টি সভা ও সমাবেশ আয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সরাসরি বা পরোক্ষভাবে বাধা দিয়েছে। এতে ১০৮ জন আহত, চারজন গুলিবিদ্ধ এবং ৩১ জন আটক হয়েছেন।
এ ছাড়া মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অন্তত ১৫ ঘটনায় ২০ জনকে আটক এবং ১৫ মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অন্তত ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনার জেরে দুটি ঘটনায় তিনজনকে আটক ও দুটি মামলা হয়েছে। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক বিষয়ে সমালোচনার কারণে চারজন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তির অভিযোগে পাঁচজন এবং অন্যান্য ইস্যুতে ছয়জনকে আটক করা হয়েছে।
এ মাসে জুলাই ইস্যু, মাদক, বিদ্যুৎ বিভ্রাট ও ধর্মীয় অবমাননাসহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জেরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একজনকে পিটিয়ে হত্যা, তিনজনকে নির্যাতন এবং একজনকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলায় একজনকে আটক এবং দুজনকে অভিযুক্ত করা হয়েছে।
বিচারবহির্ভূত হত্যা ও কারাগারে মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে সারাদেশের কারাগারে অন্তত ১৯ জন বন্দীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন কয়েদি এবং ১৫ জন হাজতি। মৃতদের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুজন এবং বাকি ১৭ জন সাধারণ বন্দি।
এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তিনজনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গেছেন। আটক এড়াতে জুয়া ও মাদকবিরোধী অভিযানের সময় পুলিশ দেখে দৌড়ে পালানোর ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া মামলার তদন্তের জন্য বাসায় অভিযানের সময় আতঙ্কিত হয়ে স্ট্রোক করে এক নারীর মৃত্যু হয়েছে।
সারাদেশে নদী, খাল, জঙ্গল ও পরিত্যক্ত স্থানে দুর্বৃত্তদের হাতে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে এ ধরনের ৫৩ ঘটনায় ৫৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে তিনটি ছিল বস্তাবন্দি, চারটি ঝুলন্ত অবস্থায় এবং সাতটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া গলা কাটা অবস্থায় সাতটি এবং হাত-পা বাঁধা অবস্থায় চারটি মরদেহ পাওয়া গেছে। অন্যান্য পরিস্থিতিতে আরও ২২ মরদেহ উদ্ধার করা হয়েছে।
সীমান্তে হতাহত ও আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে তিনটি ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হামলায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আহত দুজনই গুলিবিদ্ধ হয়েছেন। এ সময়ে দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তে আরো দুজনের মরদেহ পাওয়া গেছে। অন্যদিকে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে উখিয়ার রোহিঙ্গা শিবিরের এক যুবক আহত হয়েছেন।



