নারায়ণগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি নারীর মরদেহ
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসের বিপরীতে সোনালী মার্কেটসংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর আনুমানিক বয়স ৩০ বছর।
পুলিশ জানায়,আজ সকালে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী সড়কের বাঁ পাশে সোনালী মার্কেট এলাকায় একটি বস্তার মধ্যে নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে ফতুল্লা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত নারীর পরিচয় শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির সহায়তায় কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাশাপাশি তার মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং মরদেহ বস্তাবন্দি অবস্থায় রাস্তার পাশে ফেলে যাওয়ার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত করছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, নিহত নারীর জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধনসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তবে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, রাতের বেলায় ওই নারীকে এলাকায় হাঁটতে দেখা গেছে। তিনি আরো জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।



