আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
সংস্কৃতি

প্রথম সিনেমার ঘোষণা দিলেন আদনান আল রাজীব

MATI PROTIDIN•June 12, 2026
শেয়ার করুন:

ছোটপর্দা ও বিজ্ঞাপন জগতের তুমুল জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব এবার পা রাখছেন রূপালি পর্দায়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত বিজ্ঞাপন ও নাটক উপহার দিলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই আজন্ম স্বপ্নের কথা শেয়ার করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এই নির্মাতা।

বিজ্ঞাপন নির্মাণের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে আদনান আল রাজীব লেখেন, ‘অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম “কাছে আসার গল্প”। সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাবো।’

দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই আর অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সবসময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।’

সিনেমাটির গল্প তৈরি করার পেছনে তার দীর্ঘ প্রতীক্ষা ও ভালোবাসার গভীরতার কথা উল্লেখ করে এই নির্মাতা আরও বলেন, ‘গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি।’

সেই কাঙ্ক্ষিত গল্পটি অবশেষে পূর্ণতা পেয়েছে জানিয়ে উচ্ছ্বসিত আদনান রাজীব পোস্টের শেষে লিখেছেন, ‘কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি। হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।’

তবে সিনেমার নাম, অভিনয়শিল্পী কিংবা শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি। নির্মাতার এই ঘোষণার পর থেকেই বিনোদন অঙ্গনের সহকর্মী এবং ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

প্রসঙ্গত, গত বছর বিখ্যাত কান উৎসবে ইতিহাস গড়েছিল আদনান আল রাজীবের ‘আলী’। প্রথম বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য ছবি হিসেবে উৎসবে স্বর্ণপামের লড়াইয়ে সামিল হয়েছিল, জিতে নিয়েছিল স্পেশাল মেনশন। এরপর আরও একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি, জিতেছে পুরস্কারও।

সম্পর্কিত সংবাদ

দীর্ঘ অপেক্ষার অবসান, অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
সংস্কৃতি

দীর্ঘ অপেক্ষার অবসান, অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

October 31, 2026

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সুখবর দিলেন তারকা অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প্রায় নয় মাস বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন...

আরও পড়ুন
৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল
সংস্কৃতি

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

October 26, 2026

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা সুজাত শিমুল। থিয়েটার ও আবৃত্তিশিল্পী জান্নাতুন নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।...

আরও পড়ুন