জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত
জাপানকে পেছনে ফেলে আগামী বছরের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতিতে পরিণত হবে ভারত। বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই পূর্বাভাসে এশিয়ার দেশ দুটির অর্থনীতির বিপরীতমুখী চিত্র উঠে এসেছে।
আইএমএফ জানিয়েছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে চলতি বছর জাপান বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে। তবে ৪ লাখ ৫২ হাজার কোটি ডলারের জিডিপি নিয়ে ২০২৭ সালে তাদের ছাড়িয়ে যাবে ভারত।
পূর্বাভাসে দেখানো হয়েছে, আগামী বছর জাপান পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে যাবে। এতে তারা যুক্তরাজ্যেরও পেছনে পড়বে। বর্তমানে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। এরপর আছে চীন ও জার্মানি।
বৈশ্বিক অর্থনীতির নানা প্রতিকূলতা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে ভারত শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে। চলতি সপ্তাহে দেশটির প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ২০২৬ সালের জন্য ৭ শতাংশ নির্ধারণ করেছে আইএমএফ। অন্যদিকে, জাপান বয়স্ক জনসংখ্যা ও কাঠামোগত সমস্যায় জর্জরিত। যা এশিয়ার অর্থনৈতিক পরাশক্তির প্রবৃদ্ধি থমকে দিয়েছে।
বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইএমএফের আঞ্চলিক অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করেন সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির ধাক্কা ভারত অত্যন্ত শক্তিশালী অবস্থান থেকে মোকাবিলা করেছে।
শ্রীনিবাসন আরও বলেন, ভারতের অর্থনীতির মৌলিক ভিত্তিগুলো বেশ মজবুত ছিল। তাদের প্রবৃদ্ধি বেশ শক্তিশালী। রাজস্ব ব্যবস্থাপনায় বিচক্ষণতার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা রিজার্ভ করেছে। ফলে চলমান ধাক্কা তারা ভালোভাবে সামাল দিতে পেরেছে।



