স্বাধীন পরিচালনা পর্ষদ ও প্রবাসী পরিচালক নিয়োগের দাবিতে ইসলামি ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদের সংবাদ সম্মেলন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সুশাসন, স্থিতিশীলতা এবং প্রবাসী গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠন, প্রকৃত মালিকানা পুনর্বহাল, ব্যাংক খাতের অনিয়ম তদন্তে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং পরিচালনা পর্ষদে একজন প্রবাসী পরিচালক নিয়োগের দাবি জানিয়েছে ইসলামি ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদ।
বৃহস্পতিবার লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক গোলাম মুর্তজা সিআইপি এসব দাবি তুলে ধরেন। সংগঠনের সদস্য সচিব মাহমুদুর সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা ব্যারিস্টার আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বদরুজ্জামান বাবু এবং জোবায়ের আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, আব্দাল চৌধুরী, হাসান জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে দেশের রেমিট্যান্স আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত লাখো প্রবাসী এই ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ পাঠান। ফলে ব্যাংকটির স্থিতিশীলতা ও সেবার মান প্রবাসীদের আর্থিক নিরাপত্তা ও আস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
তারা অভিযোগ করেন, রাজনৈতিক ও কর্পোরেট প্রভাবের কারণে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে এবং বিপুল অর্থের অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।
সংগঠনের পক্ষ থেকে আট দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—সততা ও ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, প্রকৃত মালিকানা ও স্বচ্ছতা নিশ্চিত করা, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে অনিয়মের তদন্ত, প্রবাসীদের জন্য নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং ইসলামী ব্যাংককে রাজনৈতিক ও কর্পোরেট প্রভাবমুক্ত রেখে শরিয়াহভিত্তিক নীতিমালার আলোকে পরিচালনা করা।
এ ছাড়া পরিচালনা পর্ষদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অন্তত একজন যোগ্য প্রবাসী পরিচালক নিয়োগের আহ্বান জানানো হয়।
সংগঠনের নেতারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।



