১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রিয়াদগামী বিমানের সব ফ্লাইট
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।
এর আগে নিরাপত্তাজনিত পরিস্থিতিতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এতে রিয়াদগামী যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।



